মফিজুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) এসআই মো.ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশসহ বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুরহাট বাজারসংলগ্ন ভোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বীথি (২৫) মেলাপাঙ্গা এলাকার মরহুম ময়নুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪)।ডিবি সূত্রে জানা যায়, সবুজ রহমান ও তার স্ত্রী জিবন্নাহার বীথি ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও তারা ডিমলার ভোলারজুম্মা এলাকায় বিউটি বেগমের বাড়িতে প্রায় ২০ দিন আগে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই ভাড়া বাসাটিকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে ইয়াবা কেনাবেচা করা হচ্ছিল।
তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাড়ির মালিক বিউটি বেগম জানান, প্রায় ২০ দিন আগে ওই দম্পতি তার বাসা ভাড়া নেন। তাদের মাদক ব্যবসার বিষয়ে তিনি কিছু জানতেন না বলে দাবি করেন।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালান কোথা থেকে এসেছে, কার মাধ্যমে সরবরাহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরেরপ্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মফিজুল ইসলাম, নীলফামারী 


















