মো.মাহবুব তালুকদার নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলছিটি, ঝালকাঠির বাস্তবায়নে র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. ইয়াকুব আলী খান (খোকন), চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নবজাতকের সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় শিশুর জন্মের পর সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর পুষ্টিকর ও নিরাপদ পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে পরিবার ও কর্মক্ষেত্রে মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ. এম. হাবিবুর রহমান বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ একটি বিশ্বব্যাপী উদযাপিত কর্মসূচি। এরই ধারাবাহিকতায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ প্রথম দিনের কর্মসূচি পালন করা হয়েছে। মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”
সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আরও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মো.মাহবুব তালুকদার , নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি , 




















