নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকাল ৫ টায় কটিয়াদী কলামহল দরগা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জে-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল।
বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় বর্তমান সরকারের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেন তারা।

নাগরিক ডেস্ক রিপোর্ট 















