মোঃ রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জে মাদকসেবনের দায়ে তিনজনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হাওলাদার।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় তিনজনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা। তাকে ১০০ টাকা জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের পুণ্যারটেক গ্রামের মৃত এসএম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ রায়হান মাহামুদ 






















