শাহ্ আলম, ঝিনাইগাতী (শেরপুর): “মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছ সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগানো সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছের পোনা ও মা মাছ নিধন বন্ধ, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট মৎস্য আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে মৎস্য চাষ ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও এর উদ্দেশ্য সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষিদের আরও উৎসাহিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলেও মত দেন বক্তারা।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মাছ চাষি, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে মৎস্য চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্য খাতের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহ্ আলম, ঝিনাইগাতী (শেরপুর) 






















