
এম.জে.এ মামুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার সম্পাদিত কথিত গোপন ও সার্বভৌমত্ববিরোধী চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ চত্বরে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশবিরোধী ও অসম চুক্তি করা হয়েছে। এ চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে বন্ধক রেখে একটি দাসত্বমূলক চুক্তি করা হয়েছে, যা সচেতন দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না।’
পরেশ কর আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশের দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণ ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো চুক্তি করার আইনি ও নৈতিক এখতিয়ার ছিল না। তিনি স্বাস্থ্য খাতে সংস্কারের নামে টিকার সংকট সৃষ্টি এবং এর ফলে চার শতাধিক শিশুর মৃত্যুর মতো পরিস্থিতির জন্যও পূর্ববর্তী প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন।
বর্তমান নির্বাচিত সংসদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূ-রাজনৈতিক স্বকীয়তা রক্ষায় জাতীয় স্বার্থবিরোধী এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার দ্রুত বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারের সরবরাহ নিশ্চিত করা এবং এসবের দাম কমানোর দাবিও জানানো হয়।
সিপিবি দেবীদ্বার উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি কুমিল্লা জেলার সাবেক সভাপতি কমরেড আবুল বাশার, জেলা সম্পাদকমণ্ডলীর সভাপতি কমরেড সুধাংশু কুমার নন্দী, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি দীপ্ত দেবনাথ প্রমুখ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















