
রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া প্রতিনিধি: জামায়াতে ইসলামীর লংমার্চের দাবি ও সংসদে দলটির আমীরের বক্তব্যে দ্বিমুখিতা দেখছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি টেনে চরমোনাই পীর বলেন, “জামায়াতে ইসলামী দলের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি উঠিয়ে দিয়েছে। এতে সেখানে আর ইসলাম বলে কিছু থাকে না; ফলে তাদের আর ইসলামী দল বলা যায় না। গত নির্বাচনের ইশতেহারেও জামায়াত ইসলাম অনুযায়ী দেশ চালাবে—এমন কোনো কথা বলেনি। পাশাপাশি জামায়াতের আমীর সে সময় বলেছিলেন, তারা শরিয়াহ অনুযায়ী নয়, বরং প্রচলিত আইনে দেশ চালাবেন। এসব মিলিয়ে বলা চলে, জামায়াত আর ইসলামী দল নয়।”
জামায়াতের সাম্প্রতিক কর্মসূচি ও বক্তব্যের বৈপরীত্য তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, “জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। কিন্তু সেখান থেকে ফিরে সংসদে দলটির আমীর বললেন—বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার কী দরকার ছিল? এমন দ্বিমুখী আচরণ কেন?”
বিএনপির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেজাউল করীম বলেন, “বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়াহবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তারা সে ওয়াদা রাখেনি; ইতিমধ্যেই সংসদে শরিয়াহবিরোধী আইন অনুমোদন দিয়েছে। তারা যদি এসব আইন থেকে সরে না আসে, তবে আমরা রাজপথে প্রতিবাদে নামতে বাধ্য হব।”
বর্তমান সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমীর বলেন, “গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আমরা তা মেনে নিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ—এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মনে হচ্ছে, পাতি শৃগালের কাছে আমরা মুরগি বর্গা দিয়েছি।
কর্মী সমাবেশ ও সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ এবং সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ার উপস্থিত ছিলেন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















