
সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি মহেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের রানারচালা এলাকায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হেলাল উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানারচালা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক সাইফুর রহমান। অভিযানটি সংস্থাটির টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আটক মো. হেলাল উদ্দিন মহেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। জানা গেছে, বর্তমানে তিনি ধামরাই এলাকায় বসবাস করেন।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল) 



















