
রাজ্জাক বিশ্বাস , কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এম এ উল্লাস। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে সাংবাদিক এম এ উল্লাস ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যান। সংবাদ সংগ্রহের একপর্যায়ে কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় সাংবাদিক এম এ উল্লাস গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মারধর ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের সংখ্যা বেশি থাকায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















