
নীলফামারী প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শ্রেষ্ঠ চালকদের সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু প্রশাসনিক তৎপরতা কিংবা আইনের কঠোর প্রয়োগ যথেষ্ট নয়। চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে চালকদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও ফুটওভার ব্রিজ ব্যবহার, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় সড়ক ও মহাসড়কের নিরাপত্তায় সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। সার্বিক প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাজনীম আওন।
ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ত্রুটিপূর্ণ যানবাহন ও ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ট্রাফিক আইন বাস্তবায়ন ও চালকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সড়ক নিরাপত্তার বিষয় তুলে ধরে বক্তব্য দেন নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ক্যাব সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়র রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম।
অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া ওপেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন ও নিয়মনীতি প্রতিপালন এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ জেলার চারজন শ্রেষ্ঠ চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সবার দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












