
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অবসরে যাওয়া সিনিয়র শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা তিনটায় বিদ্যালয়ের মাঠে “ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও বিদায় সংবর্ধনা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। এছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, এলাকার শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথির কাছে বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিতে স্লোগান দেন।
আলোচনায় বক্তারা নতুন ভবনকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁরা অবসরে যাওয়া শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের সুস্থ ও সুন্দর অবসর জীবন কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী দুজনকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 













