
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ: সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোটরযান চালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন সেরা চালককে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে শহীদ শামসুদ্দিন গেটের পারভীন মোড় এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আবু নাঈম। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি চারজন সেরা চালকের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অদক্ষ চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পথচারীদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দক্ষ চালক তৈরি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক, প্রযুক্তিনির্ভর, টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সড়ক উন্নয়নের পাশাপাশি চালকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. খাদিজাতুল কোবরা অন্ত, সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আবু জাফর, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ইসলামিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স এবং জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
এ ছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নতুন সিরাজী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল মমিন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রোভার স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিআরটিএর মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়ন, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ 













