অপু দাস, রাজশাহী: রাজশাহীকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী মহানগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেছেন, অপরাধ ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগের মাধ্যমে এমন একটি নগরী গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। এ লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় আরএমপির সদর দপ্তরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সরকার এবং পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে রাজশাহী দেশের অন্যতম নিরাপদ ও আদর্শ মহানগর হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে আরএমপি নগরবাসীর জানমাল রক্ষা, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে বাহিনীটি আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে সেবার মান আরও উন্নত করেছে।
ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আরএমপি প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে র্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি আরএমপির প্রতিষ্ঠার ইতিহাস, কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জনগণের আস্থা অর্জনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সুধীজন।
৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম। আয়োজকদের মতে, এসব আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে এবং নিরাপদ নগর গঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

অপু দাস, রাজশাহী 



















