রাসেল রানা, রংপুর: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর চার খুন মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে প্রেস ব্রিফিং করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে মামলার তদন্তের অগ্রগতি, উদ্ধারকৃত আলামত এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, আলোচিত এই চার খুনের ঘটনায় তদন্ত কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ, আলামত উদ্ধার এবং প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবে মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাছুয়াপাড়ায় সংঘটিত চার খুনের ঘটনাটি রংপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারে ব্যাপক তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছে।

রাসেল রানা, রংপুর 





















