ইন্দুরকানীতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৯ মাস যাবত ঔষধ না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৯ মাস যাবত ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্যসেবা কর্যক্রম মারাত্মকতভাবে ব্যাহত হচ্ছে। জানা যায়, উপজেলার পাড়েরহাট,পত্তাশী ও চন্ডিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ৯ মাস ধরে কোন ঔষধ সরবরাহ নেই। প্রতিদিন রোগীরা সেবা নিতে এসে শুধু পরামর্শ নিয়েই চলে যেতে হচ্ছে। মাসের পর মাস ঔষধ না থাকায় খালি হাতে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের। সোমবার উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা, শিশু ও কিশোরীরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। পূর্বে এ সেবা কেন্দ্রগুলো থেকে রোগীদের মাঝে ২২ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হত। হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবাপ্রার্থীরা ভিড় জমাত। কিন্তু দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকার কারণে সেবা কেন্দ্রগুলো কোন ঔষধ দিতে না পারায় সেবাবঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। কালাইয়া গ্রাম থেকে সেবা নিতে আসা মিনারা ও সিমু বেগম জানান, আমরা গরীব মানুষ। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য আমাদের না। তাই আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে ও ঔষধ নিতে এখানে আসি। কিন্তু ঔষধ না থাকায় অনেক দিন ডাক্তার দেখিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ সোহাগ হোসেন জানান, বেশ কয়েক মাস যাবত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ না থাকায় আমরা রোগীদের মাঝে ঔষধ বিতরণ করতে পারছি না। তবে খুব শীঘ্্রই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।



















