যে যত্নগুলো নিতে হবে আমগাছের
উঁকি দিচ্ছে আমের মুকুল

- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৫ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): আমগাছে মুকুল আসতে শুরু করেছে। এ সময় একটু যত্ন নিলেই হতে পারে আমের আশানুরূপ ফলন। মুকুল আসার আগে, মুকুল আসার পর এবং মুকুল ফোটার (দানা সাইজ) পর—এই তিন ধাপে করণীয় বিষয়ে পরামর্শ দিলেন কটিয়াদী উপজেলা পৌর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মঈনুল ইসলাম।তিনি জানান,মুকুল আসার আগে(১ম স্প্রে):
আমগাছে মুকুল আসার ৩০ থেকে ৪৫ দিন আগে থেকেই গাছে পানি, সারসহ সব ধরনের খাবার দেওয়া বন্ধ রাখতে হয়। ছাদবাগানের ক্ষেত্রে গাছকে বাঁচিয়ে রাখার স্বার্থে যতটুকু পানি না দিলেই নয়, ততটুকু পানি দিয়ে কোনোরকমে বাঁচিয়ে রাখতে হয়। কারণ, এ সময়ে সার ও পানি পেলে গাছ মুকুল না দিয়ে নতুন পাতা ছাড়তে শুরু করে।
মুকুল আসার এক থেকে দেড় মাস আগেই প্রথমবারের মতো অনুমোদিত মাত্রায় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ম্যানকজেব-জাতীয় ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। কারণ, গাছে মুকুল আসার আগে গাছকে রোগমুক্ত রাখাটা খুব জরুরি।আমগাছকে এফিড, থ্রিপস, মিলিবাগ ও হপার পোকার মতো কিছু মারাত্মক পোকার আক্রমণ ও এনথ্রাকনোজ এবং পাউডারি মিলডিউয়ের মতো ছত্রাকজনিত বিভিন্ন রোগ ঠেকাতে, আমের মুকুল ও ফল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে ও সঠিক ফলন পেতে বছরে অন্তত তিনবার কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
মুকুল আসার পরে(২য় স্প্রে):
গাছে মুকুল আসতে শুরু করলে, মুকুল যখন ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়, কিন্তু তখনো ফুল ফোটেনি—এ অবস্থায় একই অনুপাতে দ্বিতীয়বার স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে বিকেলবেলায়। এ সময় গাছের মুকুল, পাতা ও কাণ্ড ভালোভাবে ভিজিয়ে স্প্রে করা জরুরি।নিয়মিত পর্যাপ্ত পানি দিতে হবে বিশেষ করে মুকুল থেকে আমের গুটি আসার পর কোনোভাবেই মাটিতে পানির ঘাটতি রাখা যাবে না, এতে মুকুল নেতিয়ে যেতে পারে, ঝরে যেতে পারে মুকুল ও গুটি।৩য় স্প্রে (মার্বেল দানা সাইজ): আম যখন মটর দানা বা মার্বেল সাইজ হবে, তখন পাউডারি মিলডিউ ও এনথ্রাকনোজ রোধে ছত্রাকনাশক ব্যবহার করুন। সাথে অবশ্যই বোরন ও চিলেটেড জিঙ্ক দিবেন।মনে রাখবেন: ফুল যখন ফুটে থাকবে (ফুল ফোটা অবস্থায়) তখন ভুলেও কোনো স্প্রে করবেন না। এতে পরাগায়ন ব্যাহত হবে।


















