
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতুহঅ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর এলজিইডি সড়কের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় এ ঘটনা ঘটে।খবর পেয়ে উখিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাস্থলে এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আগুনের প্রবাহ অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, আগুনের উৎসস্থলের আশপাশের বাড়িঘর থেকে লোকজন নিরাপদ স্থানে সরে গেছেন।
এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।

শ.ম.গফুর,কক্সবাজার 











