
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শারদীয় দুর্গাপূজা উদযাপন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা এবং সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কমল কিশোর ঘোষ, উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া,বুড়াবুড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মণ্ডল, উপজেলা বিএনপি নেতা, সাবেক ছাত্রদল নেতা ও জেলা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল সাবেক জিএস পলিটেকনিক ইনস্টিটিউট, ফাতেমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি জমি ও স্থাপনা অবৈধ দখলমুক্ত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











