এই সড়কটি আজও জানে না সংস্কার কি

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৫৪ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার সংলগ্ন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে বড়খাতা ডিগ্রি কলেজ গেট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সংযোগ সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে ফেলেছে এলাকাবাসী ও পথচারীদের। এ নিয়ে এলাকাবাসীরা আক্ষেপ করে বলছেন, সময়ের ব্যবধানে ক্ষমতার পালাবদল হয়, নেতারা এসে ভোট নিয়ে যায়,কিন্তু সড়কের অবস্থা আর বদলায় না।
এই সড়কটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করে, যা প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবসায়ীর যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
সোমবার (২ জুন) সরেজমিন ঘুরে দেখা যায়, সড়কটির দুই পাশের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। বিশেষ করে বড়খাতা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মহাসড়কে ওঠার অংশটি উঁচু-নিচু হয়ে যাওয়ায় যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও গর্তের কারণে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
উল্লেখযোগ্য এসব প্রতিষ্ঠান হলো- বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়খাতা উচ্চ বিদ্যালয়,বড়খাতা বালিকা বিদ্যালয়,বড়খাতা ডিগ্রি কলেজ,ফকিরপাড়া মহিলা কলেজ,বড়খাতা বিএম কলেজ,নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ,আকবর হোসেন কিন্ডারগার্টেন তারা জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায়। প্রায়ই মালবাহী গাড়ি উল্টে পড়ে। শিশুদের স্কুলে পাঠিয়ে আমরা অভিভাবকরা চিন্তিত থাকি।”
বিএনপি নেতা আব্দুর রহমান বলেন, “সড়কটির দুই পাশে রয়েছে একাধিক শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ কাদা ও গর্ত পেরিয়ে চলাচল করছে। দ্রুত সংস্কার জরুরি হয়ে পড়েছে।”
বড়খাতা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এই সড়কের এমন অবস্থা। আমরা জনপ্রতিনিধিরাও এই দুর্ভোগের শিকার। নিম্নমানের কাজের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
N.V.সেলিম সম্রাট


















