কটিয়াদীতে রঙিন ফুলকপি চাষে বাজিমাত

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রঙিন ফুলকপি চাষে বাজিমাত। বিশেষ করে হলুদ জাতের ফুলকপির বাম্পার ফলন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। প্রচলিত সাদা ফুলকপির তুলনায় এই রঙিন কপির বাজারমূল্য ও পুষ্টিগুণ অনেক বেশি হওয়ায় কৃষকরা এখন আধুনিক এই চাষাবাদের দিকে বেশি ঝুঁকছেন।
চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া এবং কৃষি অফিসের সঠিক দিকনির্দেশনায় কটিয়াদীতে প্রায় ১একর জমিতে এই নতুন জাতের ফুলকপি চাষ হয়েছে।
উপজেলা জালালপুর ইউনিয়নধীন উত্তর চরপুক্ষিয়া এলাকার আদর্শ কৃষক মো: আবুল কালাম মাত্র ২০ শতক জমিতে হলুদ ফুলকপি চাষ করে প্রায় এক লাখ টাকা লাভ করবেন বলে আশাবাদী। বাজারে যেখানে সাদা ফুলকপি প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে সেখানে এই রঙিন ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা।
কৃষক মো: আবুল কালাম বলেন আমি মাত্র ২০শতক জমিতে পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছি।সরকার থেকে বিনামূল্যে বীজ, সার এবং জৈব কীটনাশক পাওয়ায় উৎপাদন খরচ অনেক কম হয়েছে।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়া জানান, রঙ্গিলা জাতের রঙিন এই কপিগুলো সাধারণত ক্যারোটিনা ইয়েলো নামে পরিচিত যা সাধারণ কপির চেয়ে অনেক বেশি বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। এবার উপজেলায় প্রায় ১ একর জমি রঙ্গিন কপি চাষ কৃষকরা সফল হয়েছে। কৃষকদের এই সাফল্য দেখে এলাকার অন্য সবজি চাষিরাও এখন রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন।


















