কটিয়াদী লোহাজুরীতে গভীর রাতে মশাল মিছিল, গ্রেপ্তার ১

- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৫৩ বার পঠিত

ঢাকা লকডাউনের সমর্থনে কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল সমর্থক ঝটিকা মশাল মিছিল করেছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আওয়ামী লীগের এক সদস্যকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন স্থানীয় সমর্থক অংশ নিয়ে নানা ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশগ্রহণের অভিযোগে মো. কালা মিয়া (৫০) নামে একজনকে আটক করেছেন। তিনি লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, “মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


















