
রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীমের দেহাবশেষ তুলে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় লালা প্রামাণিক (৪২) নামের এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লালা প্রামাণিক একই এলাকার মৃত মেছের প্রামাণিকের ছেলে।
গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থান থেকে পীর আব্দুর রহমানের দেহাবশেষ তুলে নেওয়া হয়।
পরে তা তার প্রতিষ্ঠিত ‘শামিম বাবার দরবার শরিফে’ নিয়ে পুনরায় দাফন করা হয়।
পরদিন সকালে বিষয়টি স্বজনদের নজরে এলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে খোঁড়া কবরটি দেখতে পান।
পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উদ্ধার করে সেদিন বিকালেই পুনরায় পূর্বের কবরস্থানে দাফন করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত ৬ সেপ্টেম্বর পরিবারের উদ্যোগে ওই কবরটি ইট দিয়ে গেঁথে ও ঢালাই করে সুরক্ষিত করা হয়।
ঘটনার পরদিন পীরের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে এই ঘটনার সঙ্গে পীরের এক ভক্তের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরই প্রেক্ষিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















