কেবল ও ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৫০ বার পঠিত

গাজীপুরের ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় রাকিব মোল্লা (৩৫) নামে কৃষকদলের এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
নিহত রাকিব মোল্লা (৩২) মহানগরের ৩১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব খান মো. জাহিদুল ইসলাম। নিহতের স্বজনরা জানান, এলাকায় কেবল ও ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিবকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায়, ঘাড়ে, কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাকে অন্তত ২০টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, মৃত অবস্থায় রাকিব মোল্লাকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।




















