গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত-২

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৬৭ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার শুকুর আলীর ছেলে অটোচালক হানিফ মিয়া (৩৫) ও মাজুখান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির হোসেন (২৭)। গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা মীরের বাজারের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে অটোরিকশাটি পূবাইলের নিমতলী ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক হানিফ মিয়া ও যাত্রী সাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















