
মোঃ জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী জিহাদ আকন্দের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলছিল। ৭ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর দিতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন।এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তাঁর লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে তাঁকে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










