
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে অ্যালায়েন্স পাওয়ার ফুটবল টিমের এক বছর পূর্তি উপলক্ষে গত সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাব ভবনের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, ফুটবল ক্লাবটির উপদেষ্টা ফয়সাল স্পোর্টসের স্বত্বাধিকারী মোঃ ফয়সাল।
ক্লাবটির অন্যতম উপদেষ্টা মানবাধিকার কর্মী তারফিনা শাহানাজ রজবের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, ক্লাবটির আগামীর পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন আজিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান ক্লাবটির সাথে সম্পৃক্ত সকল সদস্যকে ধন্যবাদ দিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে। তিনি অ্যালায়েন্স ফুটবল টিমকে চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে কেক কেটে অ্যালায়েন্স ফুটবল টিমের বর্ষপূর্তি সূচনা করা হয় এবং ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 












