জবিতে ছাত্রশিবিরের ব্যতিক্রমী নবীনবরণ, আদর্শ ও ঐক্যের বার্তা

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৭৮ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। নবীনদের হাতে ফুল, কুরআন শরীফ ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদেরকে অভিনন্দন জানান সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল চলিম আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ শাখা ও কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তর হোক এমন একটি মানবিক রাজনীতি চাই। আদর্শকে উপস্থাপন করুন, মানুষ পছন্দ করবে। ছাত্ররাজনীতি হবে শিক্ষাবান্ধব, অধিকার আদায়ের মাধ্যম এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরির ক্ষেত্র।” অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, “জাতির উন্নতির জন্য আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বর্তমান সময়ে আমরা নৈতিক সংকটে ভুগছি। কনজারভেটিভ ইসলামিক মূল্যবোধের সঙ্গে প্রাতিষ্ঠানিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে পারলে বিশ্বকে দেখানো সম্ভব, আমরা কি করতে পারি।” অধ্যাপক ড. বিলাল হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের অর্জিত জ্ঞান আগামী ৩০ বছর কাজে লাগবে। বিভ্রান্তি এড়িয়ে একমাত্র জ্ঞান অর্জনের পথেই মনোযোগী হও।” ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “নৈতিক শিক্ষার অভাবে আমরা আজ সমাজে অবক্ষয়ের শিকার। কিন্তু এই ছাত্রসমাজ নতুন বাংলাদেশ গড়ার সাহস রাখে।” নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত নবীনরা শিক্ষাবান্ধব, আদর্শনিষ্ঠ ও মানবিক রাজনীতির বার্তা নিয়ে অনুপ্রাণিত হন বলে জানান আয়োজকরা।
-প্রতিবেদক : জবি প্রতিনিধি, দৈনিক নাগরিক ভাবনা



















