ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৮৭ বার পঠিত

পিরোজপুর অফিস ও কাউখালী প্রতিনিধি :: কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) দুপুরে সয়না গ্রামের নদীতীরবর্তী শতাধিক পরিবার মানববন্ধন করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে কালিগঙ্গা নদীর তীরভাগ অনেক যায়গায় ভেঙে গিয়ে সয়না, ধাবরী ও মেঘপাল গ্রাম এলাকায় নদীভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে বহু ফসলিজমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে এবং বাড়িঘরও ঝুঁকিতে পড়েছে, দাবি করেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। মানববন্ধনে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার, ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান ও ইউপি সদস্য সোনালি রানী দাস। অংশগ্রহণকারীরা জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে চলমান বালু উত্তোলন চলতে থাকলে এই এলাকার সব বাড়িঘর ও ফসলি জমি কালের বিবরে বিলীন হয়ে যাবে। মানববন্ধনকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুমকিও দেন। প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেলে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি পূরণের অপেক্ষায় থাকবে বলে জানান।



















