ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পুনঃনির্বাচিত সাঈদ খান

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৬৪ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক:: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ (সাঈদ খান)। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত সমর্থনে তিনি এ পদে নির্বাচিত হন। তার এই পুনঃনির্বাচনের সংবাদ শোনার পর জন্মভূমি পিরোজপুরে আনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে। নির্বাচনে বিজয় উপলক্ষে শুধু সাংবাদিক সমাজ নয়, পিরোজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাকে অভিনন্দন জানিয়েছে। সদস্যরা বিশ্বাস প্রকাশ করেছেন যে, তার নেতৃত্ব ডিইউজের সাংগঠনিক শক্তিকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করবে। পুনরায় নির্বাচিত হওয়ার পর সাঈদ খান বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি তা সততা, দক্ষতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে পালন করবো। সাংবাদিকদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করা হবে আমার প্রধান অগ্রাধিকার। ডিইউজের সদস্যরা মনে করেন, তার পুনর্নির্বাচন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব বজায় রাখার ধারাবাহিকতার প্রতিফলন। অপরদিকে, পিরোজপুরবাসী ও সহকর্মী সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, হাফিজ আল আসাদ আগামীতেও সাংবাদিক সমাজের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং পেশার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জেলা পিরোজপুরের মানুষসহ দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




















