ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থিতা: ক্লিন ইমেজ ও দুর্নীতিবিরোধী বার্তায় নতুন আলোচনা

- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৬৪ বার পঠিত

হাসান মামুন, স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আসন ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, ভাষানটেক, বনানী ও গুলশান) এ স্বতন্ত্র প্রার্থি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লিন ইমেজ, সুশাসন এবং দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে এই আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আবেদনপত্র সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক লড়াই জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রার্থী পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আপসহীন অবস্থান গ্রহণ করা হবে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ঢাকা-১৭ আসনকে একটি আদর্শ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর অভিজাত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় প্রার্থীর বাইরে এসে স্বতন্ত্র প্রার্থিতার এমন স্পষ্ট ও দুর্নীতিবিরোধী অবস্থান ভোটারদের মধ্যে ভিন্ন বার্তা দিচ্ছে। বিশেষ করে শিক্ষিত, সচেতন ও মধ্যবিত্ত ভোটারদের কাছে ক্লিন ইমেজ ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে তারা মনে করছেন। স্থানীয় ভোটারদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির বাইরে সৎ ও সাহসী নেতৃত্বের ঘাটতি ছিল। স্বতন্ত্র প্রার্থীর এই উদ্যোগ সেই শূন্যতা পূরণের সম্ভাবনা তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, যদি জনগণের প্রত্যাশা, সততা ও বাস্তবভিত্তিক উন্নয়ন ভাবনাকে সামনে রেখে এই প্রার্থিতা এগিয়ে যায়, তবে ঢাকা-১৭ আসনে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ও নতুন মাত্রা যোগ করতে পারে।




















