
কুষ্টিয়া থেকে রাজ্জাক বিশ্বাস :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলা ও সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহত সাহাজুল ইসলাম দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাহাজুল মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। এ ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন। বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ দূরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন।
বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করা হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন নাগরিক ভাবনাকে বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










