নতুন কুঁড়ি প্রতিযোগিতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৭৫ বার পঠিত

দীর্ঘ ১৯ বছর পর আবার শুরু হতে যাওয়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি-২০২৫’ নিয়ে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বারোপ করা হয়।লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নতুন কুঁড়ি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চার সঙ্গে বেড়ে উঠবে।” তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের শিল্পীরা তৈরি হবে, যারা দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে।সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রতিযোগিতার গুরুত্ব ও অংশগ্রহণের নিয়মাবলী বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিযোগিতা সফল করা সম্ভব। সভায় উপস্থিত বক্তারাও নতুন কুঁড়িতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালনের ওপর জোর দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিল-মারুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা রিনা আক্তার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং অভিভাবকগণ।সভার ফাঁকে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। সভা শেষে ‘নতুন কুঁড়ি-২০২৫’ সফলভাবে আয়োজনের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





















