পিরোজপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন, একজনের দুই বছরের কারাদণ্ড

- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সাফায়েত শরীফ ও হেপী বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, এমরান (২৮) নামে অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে ঝনঝনিয়া এলাকায় বাড়ির পাশ দিয়ে ফেরার সময় ব্যবসায়ী আবুল কালাম শরীফ (৫৫) কে ওৎ পেতে থাকা আসামিরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. ওয়ালিদ হাসান বাবু জানান, মামলার ১১ জন আসামির মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। আরেক আসামি বিচার চলাকালীন মারা যান।



















