পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নীরব অবস্থান কর্মসূচি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চার দফা দাবি

- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে চার দফা দাবিতে নীরব অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১ সেপ্টেম্বর) ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পিরোজপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেঁধে কর্মস্থলে নীরব অবস্থান নেন।আন্দোলনকারীদের অভিযোগ, আরইবি’র দ্বৈতশাসন, নিম্নমানের মালামাল ক্রয়, নির্বিচারে বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণে সমিতির কর্মপরিবেশ ভেঙে পড়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে কাজ করছেন।আন্দোলনকারীদের চার দফা দাবি হলো: পল্লী বিদ্যুৎ সমিতি ও আরইবি’র দ্বৈতশাসন বন্ধ করে দ্রুত একীভূতকরণ কার্যকর করা, নিম্নমানের মালামাল ক্রয় ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নির্বিচারে বদলি ও বরখাস্ত বন্ধ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও বিদ্যুৎ খাত সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন। তাদের দাবি, অতীতে একাধিকবার কমিটি গঠন করা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। বরং, আরইবি কর্মকর্তারা সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দমন ও হয়রানি করে চলেছেন। আন্দোলনকারীরা আরও জানান, জরুরি গ্রাহকসেবা সচল রাখা হলেও আরইবি’র সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।



















