বিজয়-২৪ হলে কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫৭ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষের উদ্যোগে হলের ডাইনিংয়ে কর্মরত নারী ও পুরুষ কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান খানের কক্ষে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিমসহ অন্যান্যরা। ঈদ উপহার হিসেবে পাঁচটি হলের ডাইনিং কর্মচারীদের মাঝে ৩০টি পাঞ্জাবি ও ১০টি শাড়ি বিতরণ করা হয়। উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন। কর্মচারী জগন্নাথ চন্দ্র দাশ বলেন, “ঈদ উপলক্ষে প্রভোস্ট স্যার আমাদের পাঞ্জাবি উপহার দিয়েছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের। এর আগে এভাবে কেউ আয়োজন করেনি। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আমাদের কাজের প্রতি আরও উৎসাহ বাড়বে।” বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসান খান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেছি। কর্মচারীরা আমাদের শিক্ষার্থীদের জন্য নিরলস পরিশ্রম করেন, তাই তাদের ঈদের খুশির অংশীদার করতে চেয়েছি।” এসময় প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সবাই যেন ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে পারে, সেটাই আমাদের কাম্য। বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।”























