বিশ্বকাপ না খেললে কত টাকা ক্ষতি হবে বিসিবির?

- সর্বশেষ পরিমার্জন: ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে নিরাপত্তা শঙ্কা দেখেছে বিসিবি। সেই কারণে আইসিসিকে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে অনুরোধ করে। তবে নানা নাটকীয়তার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ক্ষতি বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এনডিটিভি বলেছে, বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশ আনুমানিক ২৭ মিলিয়ন ডলার বা ৩২০ কোটি টাকার ক্ষতি হতে পারে। এটি সম্প্রচার, স্পন্সরশিপ এবং অন্যান্য আয় থেকে প্রাপ্ত রাজস্বের ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে র্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে সুযোগ পেতে পারে। যদিও আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা, সেটি এখনো পরিষ্কার নয়। ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের মোট চারটি ম্যাচ খেলার কথা। তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। কিন্তু আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়া বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার পরই বাংলাদেশ নিরাপত্তা ইস্যুটি তোলে। যে ইস্যু তুলেই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে বাংলাদেশ।























