রাস্তা-ঘাটে খানাখন্দ, জরুরি সংস্কারের দাবি স্থানীয়দের
ভাণ্ডারিয়ায় অতি বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি

- সর্বশেষ পরিমার্জন: ১১:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৭৭ বার পঠিত

পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া প্রতিনিধি:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও অমাবস্যার জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। হাট-বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল নগণ্য, অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। বৃষ্টির পানিতে আমন ধানের বীজতলা, মৌসুমি শাকসবজি ও মাছের ঘের তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, প্রায় ৫০ শতাংশ শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অনেক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। রাস্তা-ঘাটের অবস্থা আরও করুণ। আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ সড়কসহ বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। বিশেষ করে গৌরীপুর, মাটিভাঙ্গা, মালিয়ার হাট, চড়াইল, ধাওয়া, শিয়ালকাঠি, আতরখালি, শাহাবুদ্দিন মাদ্রাসা এলাকা, লঞ্চঘাট, কলেজ মোড়, সিকদারবাড়ি, ছাদনার হাট, ফুলতলা ও মানিকমিয়া কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় জনচলাচল প্রায় অচল। স্থানীয়রা দ্রুত এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। অনেক এলাকায় কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সহজে নিষ্কাশিত হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার জানান, টানা বৃষ্টিতে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ১,২৮০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে প্রায় ৩০-৩৫টি বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা হিসেবে ১০ কেজি চাল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। তবে প্রাপ্ত বরাদ্দ চাহিদার তুলনায় অপ্রতুল বলে তিনি মন্তব্য করেন।





















