
মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২৫৭ বোতল সিরাপ, ৮ হাজার ৮৫০ পিস ওষুধ ও ২৪১ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও মঙ্গলবার পরিচালিত এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৩টা ৪৫ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি মসজিদের পাশ থেকে ১৬৭ বোতল ভারতীয় উইন সেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়। নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
একই দিন রাত ২টা ২৫ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে শিংনগর গ্রামের হালদারপাড়ার পাকা রাস্তার পাশ থেকে আরও ৯০ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জব্দ করে বিজিবি। এ অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. জামাল খান।
এ ছাড়া মঙ্গলবার সকাল ৮টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধানক্ষেত থেকে ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ ও ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। সুবেদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৮/এমপি থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকার পাকা রাস্তার পাশ থেকে আরও ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। হাবিলদার মো. মুন্সী সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












