
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নয়ন মিয়া উলিপুর উপজেলার উমানন্দ এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এর আগেও উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য থানা পুলিশের হাতে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হওয়ার তথ্য রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নয়ন মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 













