আবুল কালাম, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. জামাল খানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার-৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে অভিযান চালায়।
এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম, ঝিনাইদহ 





















