ইসলামপুরে মানববন্ধন
মাদক ও জুয়াড়িকে আইনের আওতায় আনার দাবি

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে কথিত মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার চিনারচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চরপুটিমারী ইউনিয়ন যুবদলের আব্দুল কুদ্দুস ও শাহানুর রহমান পলাশের বিরুদ্ধে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া এবং নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কার্যকলাপে স্থানীয় সমাজব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী শারমিন আক্তার জানান, শাহানুর রহমান পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং এক বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময় গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পলাশ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন শারমিন আক্তার।
তিনি আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে পলাশ বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। এমনকি মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


















