লামা বাজারে ফুটপাত দখলমুক্ত
যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৫৯ বার পঠিত

লামা বাজারের যানজট নিরসনে শনিবার বিকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও লামা পৌরসভা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছিল।শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে লামা থানা পুলিশ, আনসার বাহিনী এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ হাজার টাকা এবং সহকারী ভূমি ম্যাজিস্ট্রেট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।স্থানীয়দের অভিযোগ ছিল, ফুটপাতের পুরোটাই হকারদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতেন। এতে প্রায়শই যানজট সৃষ্টি হতো এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। এই অভিযানের ফলে রাস্তাঘাট অনেকটাই দখলমুক্ত হয়েছে এবংজনসাধারণের যাতায়াত সহজ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং জনগণের নির্বিঘ্ন চলাচলের জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।























