
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে থানা-পুলিশের দুটি পৃথক অভিযানে ৩৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নে অভিযান দুইটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশেকপুর ইউনিয়নের পারটেকুর পূর্বপাড়া ‘মসজিদে কুবা’-এর নিকটবর্তী এলাকায় পুলিশ প্রথম অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মামুন হোসেনকে (২৭) তল্লাশি করে ৩৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি শালিকা এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মো. মিজান (২০) নামে অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান বয়ড়াদীঘি গ্রামের মো. রাজুর ছেলে।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 










