শিবগঞ্জে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে, ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১০০ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীর আলম নামে এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মোকামতলা মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী সেবা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেবা আক্তার বলেন, আমার স্বামী সামছুল ইসলাম দেউলী ইউনিয়নে অবস্থিত “সীমা সেমি রাইচ মিলস” প্রতিষ্ঠা করে চাল উৎপাদন করে চালের ব্যবসা করে আসছিলো। ব্যবসা মন্দা হওয়ার কারণে আমার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং উক্ত ঋণের চাপে ঘর ছাড়া হলে পাওনাদারগণ আমার বাড়িতে এসে পাওনা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
পরবর্তীতে ঋণের চাপ বাড়তে থাকলে মিলের মেশিনের যন্ত্রপাতি বিক্রি করে কিছু কিছু ঋণ পরিশোধ করার জন্য এলাকার লোকজন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর দায়িত্ব অর্পণ করে। পরে জাহাঙ্গীর চেয়ারম্যান আমার স্বামীর মিলের ব্যবহৃত যন্ত্রপাতি খুলে কিছু বিক্রি করে কয়েকজন পাওনাদারের ঋণ পরিশোধ করে এবং বাকি যন্ত্রপাতি ইউনিয়ন পরিষদে রাখে। পরবর্তীতে আমি পরিষদে রাখা যন্ত্রপাতি ফেরত নেয়ার জন্য গেলে তিনি আমার নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা দিতে সক্ষম না থাকার কথা প্রকাশ করলে জাহাঙ্গীর চেয়ারম্যান আমাকে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য কুপ্রস্তাব দিয়ে আমাকে চাপ প্রয়োগ করে আসতিছেন এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছেন। এমতাবস্থায় আমি প্রশাসনের সুবিচার কামনা করছি। এ ব্যাপারে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এটা নিয়ে অনেক চক্রান্ত চালাচ্ছে আমার বিপক্ষ দল। তারাই এসব করছে। এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। ওদের রাইচ মিল এর বিষয় নিয়ে অনেক দেনা ওদের।বাস্তবতা এগুলো কিছুই না।


















