সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানোরা স্বাধীনতার শক্তি হতে পারে না – মাসুদ সাঈদী

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠানোর মতো কাজ যে কেউ করবে, তারা কখনোই দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না।” তিনি অভিযোগ করেন যে গত পঞ্চাশ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করে এসেছে, তাদের মধ্যে অনেকে জাতীয় সম্পদ বিদেশে পাচার করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া ও মধ্যকুমারখালী অতিক্রম করে রায়েরকাঠীর রাজবাড়ীতে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুদ সাঈদী। ওই কর্মসূচির পর তিনি ঝাটকাঠীর শিকদারবাড়ী ও সি অফিসে গণসংযোগ চালিয়ে অটো শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। ৫ আগস্টের পরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা জামায়াত-শিবিরের ভাইদের নিয়ে প্রত্যেক মন্দিরে গিয়ে রাত জেগে পাহারা দিয়েছি। দেশপ্রেম ও ন্যায়-ইনসাফের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “যারা দেশের গঠনে ন্যায়, ইনসাফ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলে তাদের সঙ্গে থাকতে হবে। যারা স্বাধীনতার কথা বললেও দুর্নীতি করে, সম্পদ লুণ্ঠন করে এবং হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর হামলা চালায়, তারা কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।” এসম আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পৌর আমীর মাওলানা ইসহাক আলী খান, ২নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী প্রমুখ।



















