রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীতে মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে শহরের বিভিন্ন চিহ্নিত মাদকের আস্তানায় (স্পট) বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের সরাসরি নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই চিরুনি অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের অন্যতম প্রধান মাদকের আখড়া হিসেবে পরিচিত মেসো ঘাটা ও বুড়া কান্দা সহ বিভিন্ন এলাকার স্পটগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রেতা ও সেবীদের আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। শহরের মেসো ঘাটা ও বুড়া কান্দাসহ যেখানেই মাদকের কারবার চলবে, সেখানেই পুলিশি অ্যাকশন নেওয়া হবে। রাজবাড়ী সদর থানাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এলাকাবাসী পুলিশের এই আকস্মিক ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা শহরজুড়ে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

রাজু আহমেদ, রাজবাড়ী 




















