অপু দাস , রাজশাহী:
শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি, আর্থিক সংকট কাটিয়ে পড়ালেখা অব্যাহত রাখতে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সরকার শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের বৃত্তি ও শিক্ষা সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজশাহী জেলা পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদ উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অতিথিবৃন্দ। চেক গ্রহণের পর শিক্ষার্থীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

























