মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের সামাজিক-অর্থনৈতিক পুনঃএকীভূতকরণ এবং মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ের একটি রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজি) মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ যাদব সরকার।সভায় জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO)-এর প্রতিনিধি, প্রবাসী কল্যাণ কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC)-এর প্রতিনিধি, উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটি (UzCTC) ও ইউনিয়ন কাউন্টার ট্রাফিকিং কমিটি (UCTC)-এর প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রতিনিধি জয়া প্রসাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা, গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রকল্পের উপকারভোগী ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউন্ড টেবিল বৈঠকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকীভূতকরণ এবং মানবপাচার প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, আইনগত সহায়তা, অভিবাসন-পূর্ব পরামর্শ এবং বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার, সেবাপ্রদান ব্যবস্থার উন্নয়ন, যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অভিবাসীদের জন্য কার্যকর ও সমন্বিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এতে জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC), উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটি (UzCTC), ইউনিয়ন কাউন্টার ট্রাফিকিং কমিটি (UCTC), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর PRIME প্রকল্পের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদেশফেরত অসুস্থ অভিবাসীদের দশ জনের মাঝে দশ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন এবং মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

মজনু মিয়া, গাইবান্ধা 




















