ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্রশক্তির দাবি, হামলায় অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলা ছাত্রশক্তির সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।
জাতীয় ছাত্রশক্তির নেতাদের অভিযোগ, হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালান। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির একাধিক নেতা-কর্মী আহত হন।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, বিক্ষোভ মিছিল চলাকালে আকস্মিকভাবে হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তবে হামলাকারীরা দ্রুত সরে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

















