অপু দাস, রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে বিপুল পরিমাণ ফেন্সিডিল পরিবহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযানে তার কাছ থেকে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মধ্যে ৫৫ বোতল এস্কাফ এবং ৫৭ বোতল ফেয়ারডিল ব্র্যান্ডের বলে জানা গেছে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, অপহরণ, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে বিশেষ অভিযান চালানো হয়।
রোববার (৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কড়াইতলা মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জমজম পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা মালামাল তল্লাশি করে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মো. শহিদুল ইসলাম (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর (বারিকবাজার) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলোও বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে তিনি জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মাদক কারবারিরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন নতুন কৌশল ব্যবহার করছে। যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মাদক পরিবহনও এমনই একটি পদ্ধতি। তবে গোয়েন্দা তথ্য ও নজরদারির কারণে এসব অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
অভিযানে উদ্ধার হওয়া ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক কারবারি ও মাদক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান বজায় রাখার কথাও জানানো হয়েছে।

অপু দাস, রাজশাহী 




















